প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার সহায়তা দিলো চীন
২০২৬ জুলাই ২২ ১৩:৫৮:২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন। বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এক লাখ ডলারের চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে। তাই আজ চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে জরুরি নগদ সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার হস্তান্তর করতে এখানে এসেছি।
এটি অবশ্যই একটি প্রতীকী হস্তান্তর, প্রকৃত তহবিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, এই অনুদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি চীন সরকার ও জনগণের গভীর উদ্বেগ ও আন্তরিক সদিচ্ছা বহন করে। দুর্যোগ নির্দয়, কিন্তু মানবতা সহানুভূতিশীল। যখনই বাংলাদেশের মানুষ কোনো কষ্টের সম্মুখীন হয়েছে, চীন সবসময় যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, চীনের সংহতি প্রকাশে আমাদের কৃতজ্ঞতা। এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হবে। চীন আমাদের বিশ্বস্ত বন্ধু।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুলাই ২২, ২০২৬)
