ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’

২০২৬ জুলাই ২২ ১৪:৫১:৩৬
শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’

বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থগিত হওয়া ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ নতুন সূচি অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বাঁশরী।

২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বিভিন্ন নাটক। পাশাপাশি থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

উদ্বোধনী দিন ২৫ জুলাই বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘বনের মেয়ে পাখি’ নাটক মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ সাজু।

২৬ জুলাই মূল মঞ্চে থাকবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’, নির্দেশনায় গোলাম সারোয়ার। একই দিন স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’ এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘বউয়ের বিয়ে’।

২৭ জুলাই মূল মঞ্চে থাকবে জেনেসিস লিটল থিয়েটার গ্রুপের ‘সকাল বেলার পাখি’ এবং বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘সেতু-বন্ধ’। অন্যদিকে স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে মাতৃভূমি কালচারাল একাডেমির ‘পুতুলের বিয়ে’ ও বহর নাট্যদলের ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’।

উৎসবের শেষ দিন ২৮ জুলাই স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ভোর হলো কুষ্টিয়া-র ‘পুতুলের বিয়ে’ এবং মেঠো পথ থিয়েটারের ‘হারাধনের বিয়ে’।

এ ছাড়া ২৫, ২৬ ও ২৭ জুলাই প্রতিদিন শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এতে অংশ নেবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

(ওএস/এএস/জুলাই ২২, ২০২৬)