ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল 

২০২৬ জুলাই ২৩ ১৮:২০:৩৪
গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আদালত চলাকালিন সময়ে বিচারকের ছুড়ে দেয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফাঁটানোর ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার সকালের দিকে আইনজীবীরা আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য রাখেন, অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. মিলন শরীফ, অ্যাড. রোকাইয়া আক্তার রুপা প্রমূখ বক্তব্য রাখেন।

বিক্ষোভে অংশগ্রহনকারী আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারে তার আর এখানে বিচার কাজ পরিচালনা করার অধিকার নাই। তারা ওই বিচারকের দ্রুত অপসারন ও শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গতকাল বুধবার (২২ জুলাই) আদালত চলাকালীন সময়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মোঃ সুজন মিয়ার আদালত চলাকালিন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবী ও বিচারপ্রার্থীরা কথা বলতে ছিলেন দেখে বিচারক মোঃ সুজন মিয়া কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

(বি/এসপি/জুলাই ২৩, ২০২৬)