প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
২০২৬ জুলাই ২৪ ০০:৩৯:৫৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় মা,ছেলে ও মেয়েসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন বাবা ও ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে দেশটির রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। নিহত তানিয়া ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার মেয়ে।
রাত সাড়ে ১০ টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই মাওলানা মাসউদুর রহমান। তিনি জানান, তাঁর ভগ্নিপতি ঢাকার উত্তরার বাসিন্দা ও গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ছাব্বিশ বছর যাবৎ সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি স্বনামধন্য কোম্পানীর ব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন। বর্তমানে রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।
বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে তিন ছেলে মেয়েসহ ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে একটি প্রাইভেটকারে মক্কায় যাচ্ছিল তানিয়া ও তাঁর স্বামী শফিকুল ইসলাম খোকন। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে প্রাইভেটকারের পিছন থেকে বড় কোন গাড়ী সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া স্বামী ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
মাওলানা মাসউদুর রহমান বলেন, আমার ভগ্নিপতি ও বড় ভাগনে প্রাইভেটকারটির সামনে বসে ছিল। পেছন থেকে ধাক্কা দেওয়ায় তাঁরা বেঁচে গিয়েছেন। আহত হলেও তাঁদের শারিরীক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন।
(এএনএইচ/এএস/জুলাই ২৪, ২০২৬)
