ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ

২০২৬ জুলাই ২৬ ১৪:৩৬:১০
‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের বিরুদ্ধে ‘আর্জেন্টিনাবিরোধী’ প্রচারণা চালানোর অভিযোগে ১০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘তদো নোতিসিয়াস’।

ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে ‘লা আলবিসেলেস্তে’দের টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ হয়।

তার আগে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত গতিতে ফাইনালে উঠেছিল দলটি। তবে ফাইনালের হারের পর এই তিক্ততার সৃষ্টি হয়।

‘তদো নোতিসিয়াস’-এর তৈরি করা এই তালিকার শীর্ষে রয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে মিশর বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তিনি।

‘বিইন স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরাই মাঠে সেরা দল ছিলাম, কিন্তু যা হয়েছে তা চরম অন্যায়। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি এবং একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। সব কি বাণিজ্যিক সুবিধার জন্য? তারা কি যেকোনো মূল্যে মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায়?’

আর্জেন্টিনাবিরোধী ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেয়েছেন খ্যাতনামা ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আর্জেন্টাইন ফুটবলারদের আচরণের তীব্র সমালোচনা করে তিনি লেখেন, ‘ওদের আচরণ ছিল ন্যক্কারজনক, বিশেষ করে পারেদেসের আচরণ। এরা একটি সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক।’

মরগানের এই মন্তব্যের জবাবে অনুষ্ঠানের উপস্থাপক জোনাথন ফিয়ালি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমাদের কি এখন একজন ইংলিশ সাংবাদিকের এই ধরনের আবর্জনাপূর্ণ কথা শুনতে হবে?’

তালিকায় আরও রয়েছেন প্রখ্যাত মার্কিন অভিনেতা সামুয়েল এল. জ্যাকসন, যিনি অতীতে আর্জেন্টিনাকে ‘সবচেয়ে বর্ণবাদী দেশ’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া স্থান পেয়েছেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ‘আইশোস্পিড’। ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর ফাইনালে স্পেনের জয় উল্লাসভরে উদযাপন করেন এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

তালিকার বাকি নামগুলোর মধ্যে রয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম, স্প্যানিশ গায়িকা রোসালিয়া এবং হলিউডের চিলিয়ান তারকা পেদ্রো পাসকেল।

টেলিভিশন চ্যানেলের এই প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, জাতীয় দলের ওপর অন্যায় আক্রমণের বিরুদ্ধে এটি যথার্থ প্রতিবাদ। তবে অন্যদের মতে, এটি একটি চরম অতিরঞ্জন এবং সাধারণ সমালোচনাকে একটি সুসংগঠিত ‘ষড়যন্ত্র’ হিসেবে তুলে ধরা হচ্ছে।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৬)