প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
২০২৬ জুলাই ২৬ ১৮:১১:৩২
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাতটি রেলওয়ে স্টেশনের যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং যাত্রীসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন নগরবাসী ফোরাম, ঈশ্বরদী।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান এক বিবৃতিতে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ঈশ্বরদী ইপিজেড চালুর ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন হিসেবে ঈশ্বরদীর গুরুত্ব বহুগুণ বেড়েছে। তাই এখানকার রেল অবকাঠামো আধুনিকায়ন এখন সময়ের দাবি।
তিনি জানান, ঈশ্বরদী উপজেলায় বর্তমানে ঈশ্বরদী জংশন, পাকশী, মাঝগ্রাম জংশন, দাশুড়িয়া, মুলাডুলি, রূপপুর ও ঈশ্বরদী বাইপাস—মোট সাতটি রেলওয়ে স্টেশন রয়েছে, যা দেশের কোনো অন্য উপজেলায় নেই। এর মধ্যে ঈশ্বরদী জংশন দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রেল জংশন হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ তুলে নেওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাতে ঢাকা যাওয়ার মতো কোনো ট্রেন ঈশ্বরদী জংশনে না থাকায় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং সময় ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। একই সঙ্গে ঈশ্বরদী বাইপাস স্টেশনে সব আন্তঃনগর ট্রেন না থামায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
এছাড়া পাকশী, মাঝগ্রাম, মুলাডুলি ও বাইপাস স্টেশনসহ বিভিন্ন স্টেশনের সড়ক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। রূপপুর রেলওয়ে স্টেশন আধুনিক হলেও বর্তমানে যাত্রী পরিবহনে ব্যবহার না হওয়ায় এর সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
সচেতন নগরবাসী ফোরামের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—ঈশ্বরদী জংশনে ঢাকাগামী নৈশকালীন আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনর্বহাল, ঈশ্বরদী বাইপাস স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা, ঈশ্বরদী জংশনের পশ্চিম পাশে আধুনিক টিকিট কাউন্টার স্থাপন, ওভারব্রিজ আধুনিকায়ন এবং সাতটি স্টেশনের সড়ক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান আশা প্রকাশ করে বলেন, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
(এসকেকে/এসপি/জুলাই ২৬, ২০২৬)
