প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
২০২৬ জুলাই ২৬ ১৮:৫৭:৫৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য সেবার উন্নয়নে সারা দেশের উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদরের হাসপাতালে যথাক্রমে ৫০টি ও ১০টি করে ডায়ালসিস মেশিন প্রদান, উপজেলা হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা ফিজিওথেরাপী সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও ভালো চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে প্রস্তুতি চলছে।
তিনি আজ রবিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ইহেলথ কার্ডের বিষয়ে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী দেখছেন। এটি উন্নত প্রযুক্তির বিষয়, যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য ডাটা থাকবে। পাইলটিং প্রজেক্ট হিসেবে কিছুদিনের মধ্যে ১০টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে নারী ও পুরুষের হেল্থ স্কিনিং করা হবে।
এর আগে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা ও চুরির ঘটনায় নৈশপ্রহরীকে বরখাস্তের নির্দেশ দেন।
(আরকে/এসপি/জুলাই ২৬, ২০২৬)
