প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
২০২৬ জুলাই ২৭ ১৫:২৩:৫২
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বছরজুড়ে লাইট-অ্যাকশন-ক্যামেরায় ব্যস্ত থাকতে হয় তার। তবে ব্যস্ততার ছাপ জয়ার চেহারায় পড়ে না। কী এমন রহস্য?
ফিটনেসের রহস্য নিয়ে জয়া আহসান জানান, সচারচর জিমে যেতে চান না বা যাওয়া হয় না তার। সিনেমার শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে থেকে জিম করা শুরু করেন তিনি। তখন পিলাটিজ করে ক্যালরি ঝরান জয়া। তবে মাঠঘাট, চাষের খেত তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে।
ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’
সামাজিকমাধ্যমে জয়ার অনুরাগীরা জানেন, তার বাড়িতে হরেক রকমের সবজির চাষ হয়। খাবারের প্লেটেও সেই সবজির রাঁধা পদ থাকে। ফলে রাসায়নিক সারের ভীতি থাকে না। নিজে চাষ করে খাওয়াদাওয়ারই পক্ষপাতী জয়া।
তবে কালেভদ্রে যে বাইরের খাবার খান না, তা নয়। পিৎজা জয়ার খুবই পছন্দের খাবার। তা ছাড়া কিন্তু জাঙ্ক ফুডের প্রতি তেমন আগ্রহ নেই তার। বাড়িতে তৈরি সবজি দিয়ে রান্না খাবারই বেশি পছন্দ তার।
২০২৩ সালে কলকাতায় মুক্তি পায় কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’। সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। তিন বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৬)
