প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২০২৬ জুলাই ২৭ ১৯:৩৬:৪৭
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।
আজ সোমবার দুপুরে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজিব মিয়া থানাপাড়া এলাকায় মিরাজ মিয়ার ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস এম রেজাউল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও মোবাইল ফোন সহ গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিব মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
(বি/এসপি/জুলাই ২৭, ২০২৬)
