প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
২০২৬ জুলাই ২৮ ১৮:২১:৫৬
রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পুষ্টির মানোন্নয়নের লক্ষ্যে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’-এর আয়োজনে এবং ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এ সভা বাস্তবায়ন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের প্রধান অতিথি ও আশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশিকার উপজেলা কো-অর্ডিনেটর দয়াল কান্তি চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ক্লিনটন দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান,সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন—উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা,সাংবাদিক মাহফুজ আলম।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী বিভিন্ন সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলের ১০টি উপজেলায় পুষ্টি, জীবিকা উন্নয়ন ও ওয়াশ (WASH) প্রমোশনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। বিশেষ করে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মারাত্মক তীব্র অপুষ্টি (SAM) ও মধ্যম তীব্র অপুষ্টি (MAM) শনাক্তকরণ, দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদান এবং অপুষ্টির শিকার শিশুদের স্বাস্থ্য স্বাভাবিক করার লক্ষ্যে সুষম খাদ্য গ্রহণে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান-কারবারি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জুলাই ২৮, ২০২৬)
