ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার

২০২৬ জুলাই ২৮ ১৮:৩৩:০১
কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে টহল দলটি তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি’র কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার রোধে সম্ভাব্য রুটসমূহ চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টে বিজিবি’র টহল তৎপরতা, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

(আরএম/এসপি/জুলাই ২৮, ২০২৬)