ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সান্তাহারে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান

১০ লাখ টাকার আইসক্রিম জব্দ, জরিমানা, কারখানা সিলগালা

২০২৬ জুলাই ৩১ ১৮:২৫:৩৮
১০ লাখ টাকার আইসক্রিম জব্দ, জরিমানা, কারখানা সিলগালা

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়াই বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয় এবং প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অবস্থিত ‘আশা আইসবার’ কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন।

বিএসটিআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটিতে শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে এসব আইসক্রিম সান্তাহার সহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

(বিএস/এসপি/জুলাই ৩১, ২০২৬)