প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
২০২৬ আগস্ট ০১ ১২:২০:৩৪
রূপক মুখার্জি, নড়াইল :খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাঁর ২২ মাস বয়সী কন্যাশিশু মাইমুনা। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ আশেপাশের গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
(আরএম/এএস/আগস্ট ০১, ২০২৬)
