ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি নোটিশ

২০২৬ আগস্ট ০২ ১৬:০৬:৪৯
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার : ভাঙ্গন রোধ ও সেতুকে ভাঙ্গনের কবল থেকে বাঁচানোর জন্য পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া রবিবার (২ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু কর্তৃপক্ষের মহাপরিচালকসহ ১৯ জন বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া জানান, সম্প্রতি পদ্মা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীব্র ভাঙ্গন দেখা দিচ্ছে। ফলে প্রতি বছর শরীয়তপুর, পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুরের মতো নদীর তীরবর্তী এলাকাগুলোতে শত শত হেক্টর ফসলী জমি ও বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, বালু উত্তোলনে পদ্মা সেতু হুমকির মুখে পড়ছে এবং হুমকি সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো- স্রোতের গতিপথ পরিবর্তন, পিলারের ভারসাম্য নষ্ট ও তীর রক্ষা বাধে ভাঙ্গন দেখা দিয়েছে। আইন অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা যেমন: সেতু, বাধ, কালভার্ট ও আশেপাশে এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
কিন্তু নিয়ম অমান্য করে কিছু প্রভাবশালী চক্রের অবৈধ বালু উত্তোলনের কারণে সরকারের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলো হুমকির মুখে পড়ছে এবং এতে করে পদ্মা সেতু ভেঙ্গে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। এ বিষয়ে গত ৮ জুলাই আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস’ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে পদ্মা সেতুকে ভাঙ্গনের কবল থেকে বাঁচানোর জন্য আবেদন করেন।

কিন্তু ১০ দিন সময় দেওয়া হলেও কর্তৃপক্ষ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই।

তিনি আরও জানান, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস এর পক্ষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফসলি জমি বিলীন, পদ্মার তীর ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতঃ পদ্মা সেতুকে ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৬)