ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল 

২০২৬ আগস্ট ০২ ১৭:৪৩:০৯
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকালে স্থানীয় ইনস্টিটিউট মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অভিনিল হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও মাওলানা সাইদুল ইসলাম সৈকত।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। আর এই কারণেই বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।

বক্তারা আরও উল্লেখ করেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না এবং জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। অবিলম্বে এই গণরায় মেনে নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।

সংস্কার প্রসঙ্গে বক্তারা বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ইতিমধ্যে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হয়নি। দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ মেনে নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সমাবেশ ও মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

(এসএস/এসপি/আগস্ট ০২, ২০২৬)