ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আটক ১

২০২৬ আগস্ট ০৩ ১৫:১৯:১২
চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আটক ১

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাইয়ে পাল্পউড বন বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ও রাইখালী এলাকা থেকে পাচার চক্রের হাত থেকে একটি বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির ‘হাঁসপা তক্ষক’ উদ্ধার করেছে। গত শনিবার (১ আগস্ট) রাতে পরিচালিত এই অভিযানে বন্যপ্রাণীটি অবৈধভাবে আটকে রেখে পাচারচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং তিনছড়ি বিট কাম রাইখালী ডিপো কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দেওয়ানের নেতৃত্বে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা অবস্থায় বিরল প্রজাতির তক্ষকটি উদ্ধার এবং এর সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে উদ্ধারকৃত তক্ষকটি রাইখালী রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং বিট কর্মকর্তা ফিরোজ আল-আমিনের উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে রাইখালী রেঞ্জের অধীন গহীন অরণ্যের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করেন।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ। বিরল ও বিলুপ্তপ্রায় যেকোনো বন্যপ্রাণী ধরা, কেনাবেচা বা পাচার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


(আরএম/এএস/আগস্ট ০৩, ২০২৬)