প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নির্মল সেনের জন্মদিন আজ
২০২৬ আগস্ট ০৩ ১৮:৪২:০৯
গোপালগঞ্জ প্রতিনিধি : সোমবার (৩ আগস্ট) বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন। ১৯৩০ সালের ৩ আগস্ট তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে জন্ম গ্রহণ করেন।
১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে নির্মল সেন ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাষ্টার্স পাস করেন।
স্কুল জীবনে ’ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর তিনি দীর্ঘ দিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।
১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিকতা জীবন শুরু করেন। তার পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।
নির্মল সেনের লেখা বই গুলোর মধ্যে 'মা জন্মভূমি', 'আমার জবানবন্দি', 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই', 'বার্লিন থেকে মস্কো', 'নেতাজীর অন্তর্ধান রহস্য', 'লেনিন থেকে গরভাচেভ'
উল্লেখ যোগ্য।
নির্মল সেন ২০০৩ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর পর দেশে বিদেশে অনেক চিকিৎসার পরে ২০১৩ সালে ৮ জানুয়ারি ঢাকায় পরলোকগমন করেন। নির্মল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে।
(টিবি/এএস/আগস্ট ০৩, ২০২৬)
