প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান, ৪ লাখ টাকার সরঞ্জাম জব্দ
২০২৬ আগস্ট ০৪ ১৮:৩২:০৭
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন বসতবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরির প্রায় তিন থেকে চার লাখ টাকার সরঞ্জাম জব্দ করেছে। জব্দকৃত মালামালের মধ্যে ছিল জাল তৈরির মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য উপকরণ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বোয়ালিয়া পশ্চিম পড়া মো. ইউনুস শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যায়।
কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। চায়না দুয়ারি জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল উৎপাদন ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে।
তিনি আরও বলেন, অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জলজ সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/আগস্ট ০৪, ২০২৬)
