প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
২০২৬ আগস্ট ০৫ ১৪:০৪:৩৬
আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি উন্মুক্ত করতে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, এমন চুক্তি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমার সম্ভাবনা রয়েছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আজ কিংবা আগামীকালের (বুধ বা বৃহস্পতিবার) মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা প্রশমনে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।
’
সম্ভাব্য চুক্তির আওতায় ইরানকে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চুক্তি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করবে।
বেসেন্ট আরও জানান, গত কয়েক দিনে সেখানে কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে। বর্তমানে শত শত জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পরিস্থিতি এখনও কিছুটা অনিশ্চিত। তবে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই আমি আশা করছি, জ্বালানি পণ্যের দাম আবারও কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
তথ্যসূত্র : আল জাজিরা
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৬)
