ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট

২০২৬ আগস্ট ০৫ ১৪:৫৬:১৩
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট

বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকা সুরের মূর্ছনায় মুখরিত হচ্ছে। ‘৩৬ জুলাই’-এর চেতনা এবং আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর দুটি প্রধান ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় ওপেন-এয়ার কনসার্ট।

এতে অংশ নেবে দেশের জনপ্রিয় রক, হেভি মেটাল ও পপ ব্যান্ডের পাশাপাশি একাধিক তারকা শিল্পী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) যৌথ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্টে উদ্বোধনী পরিবেশনা করছে রে-রে ব্যান্ড।

এরপর একে একে মঞ্চে উঠবে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস এবং সমাপনী পরিবেশনা করবে দেশের কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ। কনসার্টটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।

অন্যদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট।

‘মনসুন কালচারাল অ্যালায়েন্স’ এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও ব্যান্ড নীল।

ব্যান্ড সংগীতের পাশাপাশি এই কনসার্টে গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এছাড়া জুলাই আন্দোলনে আলোচিত র‍্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজানও থাকছেন বিশেষ পরিবেশনায়।

দুটি কনসার্টকে ঘিরে বিপুল দর্শকসমাগমের প্রত্যাশায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৬)