প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১
২০২৬ আগস্ট ০৬ ১৯:২৭:৪৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিজিবির বিশেষ অভিযানে ছয় কোটি টাকা মূল্যের ১২ কেজি ‘কুশ’ (এক শ্রেণীর বিশেষ মাদক), একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
আটককৃত যুবকের নাম মো. তারিকুজ্জামান (২৪)। তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, বাংলাদেশে নতুন আসা ‘কুশ’ নামের মাদক মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে মাধবকাটি বাজার এলাকায় অবস্থান নেয়।
দুপুর একটার দিকে সন্দেহভাজন তারিকুজ্জামান মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ মাদক, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি জানায়, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে মারিজুয়ানা ফুল বা কুঁড়ির সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকও তৈরি করা হচ্ছে।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের কুফল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক পর্যায়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জব্দ করা মাদক ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
(আরকে/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
