ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

২০২৬ আগস্ট ০৯ ১৯:৩৮:৩২
দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। আজ রবিবার দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন।

বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে আদিবাসী পল্লীগুলোতে নিজস্ব সাংস্কৃতিক আয়োজনে নাচ-গান,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

(এসএস/এসপি/আগস্ট ০৯, ২০২৬)