ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ আগস্ট ১০ ১৩:৪৩:১৪
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হার কমেছে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

এ বছর পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

ফল পাওয়া যাবে তিনভাবে
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইটের (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল দেখা সম্ভব।

যে কোনো মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।

কেউ যদি মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী হয়, তাকে ফল পেতে SSC MAD ROLL YEAR লিখতে হবে। আর কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

এদিকে, এসএসসির ফল খারাপ হলে বা প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৬)