ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন

২০২৬ আগস্ট ১০ ১৫:১৬:০৪
প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে বহু প্রতীক্ষিত সিরিজের আগে প্রস্তুতিটা ঠিক মনমতো হয়নি টাইগারদের।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। যদিও এই হারকে খুব বেশি নেতিবাচকভাবে দেখছেন না পেসার তাসকিন আহমেদ।
বরং মূল সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

প্রস্তুতি ম্যাচে হারের অনুভূতি ভালো ছিল না স্বীকার করে তাসকিন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পর অনুভূতিটা ভালো ছিল না।
তবে ক্রিকেটে এমনটা হয়। আমরা এখনো দ্রুত কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও আমরা হেরেছি, তারপরও এটি ভালো প্রস্তুতি ছিল। মূল ম্যাচে ভালো করার আশা করছি।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন পর দেশটির মাটিতে টেস্ট খেলতে এসে প্রস্তুতি ম্যাচে সেই বাস্তবতারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে তাসকিনের মতে, হারলেও ম্যাচটি দলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দিয়েছে।

এ সফর বাংলাদেশের জন্য বিশেষ হয়ে উঠেছে আরও একটি কারণে। ২০০৩ ও ২০০৮ সালের পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। অর্থাৎ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। এমন সুযোগকে তাই গর্বের বলেই মনে করছেন তাসকিন।

তাসকিন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যিই সম্মানিত। কোনো সন্দেহ নেই, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় দল। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের এবং দলের সব খেলোয়াড়ের জন্য গর্বের মুহূর্ত। নিঃসন্দেহে সিরিজটি আমাদের জন্য সহজ হবে না। তবে অস্ট্রেলিয়া সিরিজে আমরা খুব ভালো করতে চাই।’

দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সিরিজে বাংলাদেশের সামনে অবশ্য কঠিন চ্যালেঞ্জ। প্রস্তুতি ম্যাচে হারের ধাক্কা সামলে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মূল লড়াইয়ে নামতে হবে তাদের। বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৬)