ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

‘আজ আমারও জন্মদিন’ 

২০২৬ আগস্ট ১০ ১৫:২৭:৪৭
‘আজ আমারও জন্মদিন’ 

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছরে পা দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেছেন এই অভিনেত্রী।

তবে পূণ্যের জন্মদিনকে ঘিরে এবার শুধু উৎসবের রঙ নয়, মায়ের হৃদয়ছোঁয়া অনুভূতিও ছুঁয়ে গেছে ভক্তদের।

মাতৃত্বকে বরাবরই পরম আনন্দ ও ভালোবাসায় ধারণ করেন পরীমণি।
ছেলেকে ঘিরে তার আবেগ, উচ্ছ্বাস কিংবা ছোট ছোট মুহূর্ত সামাজিকমাধ্যমে প্রায়ই ধরা পড়ে। পূণ্যের প্রতিটি জন্মদিন যেন তার কাছেও ফিরে আসে এক নতুন অনুভূতি হয়ে।
তবে এবারের জন্মদিনে সেই অনুভূতিই যেন আরও গভীর হয়ে উঠল।

জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক মায়াবী মুহূর্তের সাক্ষী হয়েছেন পরীমণি।
ছেলেকে আদর করে যখন বললেন, ‘বাজান, হ্যাপি বার্থডে’, তখন ছোট্ট পূণ্যও মাকে চমকে দিয়ে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’

শিশুর মুখের এই ছোট্ট কথাতেই যেন মায়ের কাছে ধরা দিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আবেগাপ্লুত পরীমণি উপলব্ধি করলেন, পূণ্যের জন্মদিন শুধু সন্তানের পৃথিবীতে আসার দিন নয়, একই সঙ্গে তার নিজেরও নতুন করে জন্ম নেওয়ার দিন।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অনুভূতিই প্রকাশ করেছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

মায়ের কাছে সন্তান কখনো শুধু সন্তান নয়, বরং জীবনের নতুন অর্থ, নতুন পরিচয় আর ভালোবাসার সবচেয়ে নির্মল অধ্যায়। পূণ্যকে ঘিরে পরীমণির কথাতেও যেন সেই সত্যিই বারবার ফিরে আসে।

এদিকে ছেলের জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজনের একটি ভিডিওও প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে সাজানো রয়েছে হাফ ডজন কেক। চারপাশে রঙিন বেলুনে তৈরি হয়েছে উৎসবের আবহ। আর সেই আয়োজনের পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট পূণ্য- যার জন্য এত আয়োজন, সেই যেন সবকিছুর ঊর্ধ্বে শান্তির ঘুমে মগ্ন।

ভিডিওটির ক্যাপশনে মজার ছলে পরীমণি লিখেছেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

২০২২ সালের ১০ আগস্ট পরীমণির জীবনে আসে তার ছেলে পূণ্য। এরপর থেকেই সন্তানের জন্মদিনটি পরীমণির কাছে হয়ে উঠেছে বিশেষ এক দিন। কখনো জমকালো আয়োজন, কখনো ঘরোয়া উদযাপন- প্রতিবারই ছেলের জন্মদিনে ফুটে ওঠে মায়ের ভালোবাসার অন্যরকম গল্প।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৬)