ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী

২০২৬ আগস্ট ১০ ১৮:৪০:২৯
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের পাস করতে পারেনি কোনো শিক্ষার্থীই। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই হয়েছে অকৃতকার্য।

আজ সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, পরিসংখ্যান অনুযায়ী রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এদের কেউ পাস করেনি। সবারই ফলাফল অকৃতকার্য।

শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুলে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ স্কুলে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষায় দেয়।

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ স্কুলে চারজন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশ নেয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেয়।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুলে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়।

পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীই কেউই পাস করতে পারেনি এবার। সবাই হয়েছে অকৃতকার্য।

(এসএস/এসপি/আগস্ট ১০, ২০২৬)