ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

২০২৬ আগস্ট ১০ ১৯:০৩:২৯
কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলায় এইবছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। আজ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার ৫১ দশমিক ৮৮ শতাংশ, জিপিএ-৫ পেল ৪৬ জন।

তৎমধ্যে কাপ্তাইয়ের ১৩টি স্কুল থেকে ৮৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৬ জন। যেখানে পাশের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। এর মধ্যে কাপ্তাই নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কাপ্তাই বিএন স্কুল থেকে ৩৩ জন, কাপ্তাই বিউবো স্কুল থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কেপিএম স্কুল থেকে ১ জন এবং সাক্রাছড়ি স্কুল থেকে ১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া ২টি মাদ্রাসার মধ্যে কাপ্তাই আলআমিন নুরিয়া মাদ্রাসা ও তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন পাশ করেছে। পাশের হার ৬৭ দশমিক ২০ শতাংশ। সেইসাথে কারিগরি শাখায় কাপ্তাই বিকে নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩ জন। পাশের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় কেন এমন ফলাফল বিপর্যয় হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, নিয়মিত মনিটরিংয়ের অভাব, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানের ঘাটতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতার কারণেই কাপ্তাইয়ে বারবার এমন ফলাফল বিপর্যয় ঘটছে। দ্রুত এই অবস্থার কারণ অনুসন্ধান করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক মহল।

(আরএম/এসপি/আগস্ট ১০, ২০২৬)