প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
২০২৬ আগস্ট ১০ ১৯:০৭:৪৭
জামালপুর প্রতিনিধি : 'প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশ রাখবো পরিস্কার' এই প্রতিপাদ্যে জামালপুর শহরের রাস্তার দু'পাশে ময়লা-আবর্জনা পরিস্কারে নামলেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান।
আজ সোমবার দুপুরে পৌর শহরের জজ কোর্ট প্রাঙ্গণ থেকে এই পরিস্কার অভিযান শুরু হয়। চলে ঢাকাইপট্টি পর্যন্ত। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন 'সোহেল রানা খানের অঙ্গীকার, শহর রাখবো পরিস্কার।'
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, আমরা আজকে যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করলাম, এটি আমরা এক দীর্ঘ মেয়াদে করবো। আমরা মাঝেমাঝেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করবো। এটির উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে, আমাদের প্রিয় পৌরসভার সমস্ত নাগরিককে সচেতন করা এবং জামালপুরের সমস্ত জনগণকেই সচেতন করা।
তিনি আরও বলেন, আমরা আমাদের নতুন প্রজন্মকে আমরা শেখাবো। তারাও যেন শিখে নিজেদের ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে এবং প্রিয় জামালপুরকে এবং প্রিয় দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। এটি আমাদের সকলেরই কাজ। কারণ হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই ঈমানের অঙ্গটা আমাদের সকলের মাঝেই থাকুক।
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
(আরআর/এসপি/আগস্ট ১০, ২০২৬)
