ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা 

২০২৬ আগস্ট ১২ ১৭:৪৮:৩২
কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা 

রিপন মারমা, রাঙামাটি : “হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচব” এবং “বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কাপ্তাই রেঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে কাপ্তাই উপজেলা মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

সহকারী বনসংরক্ষক (এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বী সরকার, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ এবং ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানব-হাতি সংঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, হাতি আমাদের প্রকৃতি ও পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। বনের জীববৈচিত্র্য রক্ষায় হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং মানব ও হাতির শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ১২, ২০২৬)