প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
২০২৬ আগস্ট ১২ ১৭:৫০:৫৫
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ লুৎফর রহমান উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মন্ডল জানান, লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। বুধবার সকালে সেই জমিতে ধানের বীজতলায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে লুৎফর রহমানের মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর লুৎফর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, কারো কোনো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লুৎফর রহমানের লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
(আরকে/এসপি/আগস্ট ১২, ২০২৬)
