ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি

২০২৬ আগস্ট ১৩ ১৪:০০:৪৭
নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ডাচ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

জাভি রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব নিচ্ছেন তিনি।

বার্সেলোনায় তিন মৌসুম কোচের দায়িত্ব পালনের পর ২০২৪ সালে ক্লাবটি ছাড়েন জাভি। এরপর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে ছিলেন রোনাল্ড কোম্যান। ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো দলটির কোচের দায়িত্বে ফেরেন তিনি।
তার অধীনে নেদারল্যান্ডস ইউরো ২০২৪-এর সেমিফাইনালে খেলেছে এবং এবারের বিশ্বকাপে শেষ ৩২-এর (রাউন্ড অফ ৩২) লড়াইয়ে অংশ নেয়। বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। এরপর টুর্নামেন্ট শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ান কোম্যান।

জাভির নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে আবারও বিদেশি কোচ দেখা যাচ্ছে। ১৯৭৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেল দলের দায়িত্ব পালনের পর জাভিই হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ।

নতুন দায়িত্বে জাভির প্রথম পরীক্ষা হবে নেশনস লিগে। আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে অভিষেক হবে তার।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০২৬)