ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা

২০২৬ আগস্ট ১৪ ১২:৪৪:১৭
মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৮ বছর বয়সে শনিবার আর্জেন্টিনার রোজারিওতে মারা যান মেসির বাবা।


মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলের পাশে থাকা হোর্হে পরবর্তীতে মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাবার মৃত্যুর পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দেন মেসি। সেখানে বাবার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণের পাশাপাশি তার মৃত্যু মেনে নিতে নিজের কষ্টের কথাও জানান আর্জেন্টাইন তারকা।

মেসির সেই পোস্টে মন্তব্য করে নেইমার লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের জন্য অনেক শক্তি কামনা করছি। বড় একটি আলিঙ্গন।’

এর আগে মেসির প্রতি সমবেদনা জানান পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোও। মেসির পোস্টে মন্তব্য করে পর্তুগিজ তারকা লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের জন্য বড় একটি আলিঙ্গন। অনেক শক্তি, লিও।’

বাবার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন মেসি। তিনি লিখেছেন, এখনো বিশ্বাস করতে পারছেন না যে তার বাবা আর নেই। মেসির ভাষ্য, হোর্হে আরও কিছুদিন বেঁচে থাকবেন এবং তারা একসঙ্গে আরও অনেক কিছু উপভোগ করবেন এমনটাই আশা করেছিলেন তিনি।

এমনকি ২০২৬ বিশ্বকাপেও ছেলেকে খেলতে চেয়েছিলেন হোর্হে। মেসি জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরও মেসি আশা করেছিলেন, তার বাবা সুস্থ হয়ে বিশ্বকাপের শেষ দিকে অন্তত সেখানে উপস্থিত হতে পারবেন।

কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। বাবাকে হারিয়ে শোকের মধ্যে থাকা মেসির পাশে দাঁড়ালেন তার দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী বন্ধু নেইমার ও রোনালদো।

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)