প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
২০২৬ আগস্ট ১৫ ১৯:০২:০১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দ্রুতগামি ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক (যশোর- ট-১১-৫৫৭৬) তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক জব্দ করা হলেও চালককে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
(আরকে/এসপি/আগস্ট ১৫, ২০২৬)
