ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’

২০২৬ আগস্ট ১৭ ১৪:৩২:২১
‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’

স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে এবং এসব নির্বাচনে কম-বেশি ৬ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি নির্বাচন করার জন্য টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের জন্য এই অর্থ রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৬ হাজার কোটি টাকা কম-বেশি প্রয়োজন হবে এই পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে।

নির্বাচনের সময় নির্ধারণে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর্থিক বিষয়টিও জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ, আমরা বসে সময়টি নির্ধারণ করবো।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৬)