ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

২০২৬ আগস্ট ১৭ ১৫:৩০:০৩
মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

স্টাফ রিপোর্টার : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৪টি বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের কর্মীও থাকবেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ বাস সেবার উদ্বোধন করা হবে। সোমবার (১৭ আগস্ট) বিআরটিসি সূত্র এসব তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা বলেন, ওই ১৪টি বাস ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার পৃথক ১৩টি রুটে চলাচল করবে। শতাধিক স্থানে তাদের কাউন্টার স্থাপন করা হয়েছে। টিকিট কেটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৬)