ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

২০২৬ আগস্ট ১৭ ১৯:২৬:৩০
ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় ফারদিন মাতুব্বর নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালের দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুকদেব নগর গ্রামের হাসমত প্রামাণিকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ভাষানচর ইউনিয়নের মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের আবুল বাশার মাতুব্বর ও তাছলিমা বেগমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কারিরহাট থেকে সদরপুর উপজেলা অভিমুখী একটি অজ্ঞাতনামা অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায় এবং অটোরিকশার নিচে চলে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অটো রিক্সার ধাক্কায় শিশু ফারদিনের মৃত্যুর খবর নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে'। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মামুন শাহ।

(আরআর/এসপি/আগস্ট ১৭, ২০২৬)