প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
পিংক বাসের ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ বললেন নিলয়
২০২৬ আগস্ট ২০ ১৪:২৩:৫২
বিনোদন ডেস্ক : রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া নির্ধারিত পিংক বাস নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাসটির সেবা, রং ও ব্যবস্থাপনা নিয়ে অনেকেই যেমন ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আবার কেউ কেউ মেতে উঠেছেন নানা ধরনের হাসি-ঠাট্টা ও ট্রলে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
সামাজিকমাধ্যমে বরাবরই সরব নিলয়। অভিনয় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপডেটের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।
এবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেছেন এই অভিনেতা।
পোস্টে নিলয় লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার।
’ এরপরই তিনি প্রশ্ন তোলেন- ‘কিন্তু কারা করবে?’ নিজের প্রশ্নের উত্তরও দেন নিলয়। তার ভাষ্য, ‘বাসের হেল্পার এবং ড্রাইভার।’
তবে সব চালক ও সহকারীকে তিনি এমন মন্তব্যের আওতায় আনেননি। নিলয় লেখেন, ‘সব ড্রাইভার আর হেল্পার না। খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন মানসিকতার হেল্পার, ড্রাইভার যারা।’
সামাজিকমাধ্যমে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেন- এমন প্রসঙ্গ টেনে নিলয় আরও বলেন, ‘ধরে নেন ঐগুলাই নিম্ন শ্রেণীর হেল্পার আর ড্রাইভার গুলা।’
নিলয়ের এই মন্তব্য ঘিরে এরই মধ্যে সামাজিকমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন, সমালোচনা করলেও নির্দিষ্ট শ্রেণি বা পেশার মানুষকে এভাবে উল্লেখ করা উচিত নয়।
(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)
