প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
২০২৬ আগস্ট ২১ ১৮:০৮:০৬
ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতেও দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে কর্মসূচির প্রথম দিনে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আওয়াল কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসলাম হোসেন জুয়েল।
বক্তারা বলেন, “আনন্দঘন এই আয়োজনে দুঃখের বিষয় একটাই—আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি আজ রক্তাক্ত। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হিংসা-বিদ্বেষের কারণে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই রাজনীতি হতে পারে না।”
তারা আরও বলেন, “স্বৈরাচারী সরকারের আমলে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও অনিয়মের যে ছাপ তৈরি হয়েছিল, তা থেকে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বহু পথ পাড়ি দিয়ে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।”
এ সময় আরও বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি বিষ্ট সরকার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. আশিকুর রহমান নান্নু, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রাটি সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল।
(এসকেকে/এসপি/আগস্ট ২১, ২০২৬)
