প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
২০২৬ আগস্ট ২২ ১৫:২৫:৪৫
আন্তর্জাতিক ডেস্ক :শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আর্থিক সমঝোতার ঘটনা।
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন বিচার বিভাগ টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর কাছ থেকে টিকটক বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।
মার্কিন আইনে ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট নামে পরিচিত এই আইনটি ২০০০ সালে প্রণয়ন করা হয়েছিল। এই আইনেই এখন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন রাজ্য মেটার বিরুদ্ধে মামলা করছে।
মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, “এই মামলা শুরু হওয়ার সময়ের তুলনায় এখন শিশু ও অভিভাবকরা আরো ভালোভাবে সুরক্ষিত।”
এর আগে শিশুদের গোপনীয়তা- সংক্রান্ত একই আইনের লঙ্ঘনের অভিযোগে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। ইউটিউব ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং এপিক গেমস ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিয়েছিল।
এদিকে, একই আইনের আওতায় মেটার বিরুদ্ধেও ২৯টি মার্কিন অঙ্গরাজ্য মামলা করেছে। তাদের অভিযোগ, মেটা শিশুদের লক্ষ্য করে ফেসবুক ও ইন্সটাগ্রামের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে। এ মামলার বিচারও চলতি সপ্তাহে শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে মেটাকে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।
তথ্যসূত্র : বিবিসি।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
