ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’

২০২৬ আগস্ট ২৩ ১৬:০০:১০
‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে। পার্লামেন্ট, দলের নেতাকর্মী ও গণমাধ্যম— সব ক্ষেত্রেই সরকারকে জবাবদিহি করতে হবে। ইতোমধ্যে এর কয়েকটি দৃষ্টান্ত দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৩ আগস্ট) মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বর্তমান সরকার একটি গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার এবং সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার। এই সরকার সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে উঠে যে অবকাঠামো নির্মাণ করছে, অতীতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে তার কোনো দৃষ্টান্ত ছিল না। বরং ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্পের নামে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, সেই দুর্নীতির অবসান ঘটিয়ে আজকে যথার্থ উন্নয়ন হচ্ছে এবং আগামীতে আরও হবে। মেগা প্রকল্পের নামে অতীতে যত ধরনের দুর্নীতি হয়েছে, সেসব দুর্নীতির অবসান হবে।

বিএনপির এই নেতা বলেন, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ যে সম্ভব, একটি জনগণের কাছে দায়িত্বশীল সরকার যে সেটি করতে পারে- তারেক রহমানের সরকার তা দেখিয়ে দিচ্ছে এবং আগামীতে আরও দেখিয়ে দেবে। এটি হবে একটি গণতান্ত্রিক সরকারের উজ্জ্বলতম দৃষ্টান্ত।
নিজের সাংগঠনিক দায়িত্বের বিষয়ে রিজভী বলেন, তার মূল দায়িত্ব হলো সংগঠনকে আরও মজবুত করা, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো দূর করার বিষয়ে কাজ করা।

তিনি বলেন, ‘‘এ ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা রয়েছে, আমরা সাংগঠনিকভাবে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তা বাস্তবায়ন করব। এটাই আমার মূল লক্ষ্য। আমি এই লক্ষ্যেই কাজ করতে চাই।’’

সরকার ও দলের সহযোগী নেতাদের সহযোগিতা কামনা করে রিজভী বলেন, ‘‘আমার সহযোগী সহকর্মীরা, যারা সরকারে ও দলে রয়েছেন— স্বপন ভাইয়ের মতো নেতারাও— আমি মনে করি, তারা প্রত্যেকেই এ ক্ষেত্রে সহযোগিতা করবেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা যাতে একটি ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই লক্ষ্যে নেতাকর্মীদের একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করে তুলবো।’’

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৬)