ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » তথ্য-প্রযুক্তি » বিস্তারিত

‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন

২০২৬ আগস্ট ২৩ ১৮:৩৪:৪৯
‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বহুমাত্রিক শিল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ‘এমব্রায়োনিক শিফটস (রূপান্তর)’ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আলোকির ‘শালা নেইবারহুড আর্ট স্পেস’-এ আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। দর্শনার্থীরা বিনা মূল্যে প্রদর্শনীটি ঘুরে দেখতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৬’ কর্মসূচির সহায়তায় বাস্তবায়িত এ প্রদর্শনীতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের মেলবন্ধন ঘটানো হয়েছে। অনন্য এ সমন্বয়ের মাধ্যমে প্রকৃতি, মানুষের পরিচয়, আত্মোপলব্ধি এবং প্রকৃতির নানা বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

দৃষ্টির স্থায়িত্ব বা ‘পার্সিস্টেন্স অব ভিশন’ নিয়ে গবেষণাভিত্তিক শিল্পচর্চা থেকে এ প্রকল্পের ধারণার সূত্রপাত। স্থির ছবিকে দ্রুত ঘোরানোর মাধ্যমে চোখে চলমান দৃশ্যের যে ভ্রম তৈরি হয়, সেই ধারণাকে কাজে লাগিয়ে শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। আলো, গতি, যান্ত্রিক কাঠামো ও সম্ভাবনার সমন্বয়ে এতে শিল্পকলার সঙ্গে প্রযুক্তি ও প্রকৌশলকে যুক্ত করা হয়েছে।

প্রদর্শনীর মূল আকর্ষণ ছিলো বড় আকারের একটি জ্যোট্রোপ--যা স্ক্রিন, ফিল্ম বা ডিজিটাল প্রজেকশনের ছাড়াই ঘূর্ণনের মাধ্যমে চলমান দৃশ্যের ভ্রম তৈরি করে।

কড়াইলের তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নিবিড় গবেষণা ও নিখুঁত কারিগরি কাজের মাধ্যমে কোষীয় প্রক্রিয়া এবং ভ্রূণের বিকাশের মতো জটিল বৈজ্ঞানিক বিষয়কে ভিজ্যুয়াল আর্টের ভাষায় তুলে ধরা হয়েছে। জটিল একাডেমিক পরিভাষা এড়িয়ে প্রমাণভিত্তিক বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এ প্রকল্পে। একই সঙ্গে প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে এবং অন্যের প্রতি সহমর্মী হতে দর্শকদের উৎসাহিত করবে শিল্পকর্মটি।

প্রদর্শনী সম্পর্কে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, “এমব্রায়োনিক শিফটস’ শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যতিক্রমী সমন্বয়ের মাধ্যমে কীভাবে প্রচলিত ধারণাকে বদলে নতুন ভাবনার সুযোগ তৈরি করা যায়, তার একটি দারুণ উদাহরণ। এখানে আত্মপরিচয় ও বৈচিত্র্যকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’-এর মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে নানা পরিচয়ের মানুষ তাঁদের কথা, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।

‘ওয়াও বাংলাদেশ ২০২৬’ কর্মসূচির মাধ্যমে এমন শিল্পী ও সৃজনশীল কর্মীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত, যাঁরা প্রচলিত সীমার বাইরে গিয়ে নারী, কিশোরী ও তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন। এ উদ্যোগ তাঁদের নিজেদের কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে। বহুমাত্রিক শিল্প কীভাবে কৌতূহল জাগিয়ে সৃজনশীলতা ও উদ্ভাবনের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগ তৈরি করতে পারে এবং জ্ঞানকে আরও সহজলভ্য করে তুলতে পারে, এই প্রদর্শনী তারই একটি প্রতিফলন।”

মাল্টিডিসিপ্লিনারি শিল্পী ও অ্যানিমেটর সায়কা শবনম চৌধুরী প্রকল্পটির গল্প ও ভিজ্যুয়াল নকশা তৈরি করেছেন। আর ফ্যাব একাডেমির সাবেক শিক্ষার্থী সামিউল হক প্রকল্পটির যান্ত্রিক কাঠামো ও নির্মাণকাজের দায়িত্বে ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ম্যাকান, পারা এবং এবং শালা নেইবারহুড আর্ট স্পেসকে বিশেষ ধন্যবাদ জানান আয়োজকেরা।

চিন্তাশীল ও কল্পনাপ্রবণ মানুষের জন্য তৈরি ‘এমব্রায়োনিক শিফটস’ বিজ্ঞান, সংস্কৃতি ও মানবিকতার নানা দিককে একসঙ্গে দেখার সুযোগ করে দেয়।

(পিআর/এসপি/আগস্ট ২৩, ২০২৬)