প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
২০২৬ আগস্ট ২৩ ১৯:০২:৫১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক স্থান থেকে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যুরা। বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া জেলেবহরে হানা দিয়ে একটি ফিশিং ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায় বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। শরিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘটে এই অপহরণের ঘটনা।
অপহৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)। অপহরণের পর জেলেরা কোাথয় এবং কী অবস্থায় রয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি বন বিভাগ ও মহাজনরা।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে বেশ কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর শসস্ত্র দস্যুরা এসে হানা দেয় জেলেবহরে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরো দুই জেলেসহ মোট পাঁচ জনকে তুলে নিয়ে যায়। জেলে অপহরণের খবর পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে বন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।
অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, অপহরণের পর দস্যুরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। জেলেদেরকে বনের কোথায় নিয়ে গেছে তাও জানা সম্ভব হয়নি। অপহরণের খবর শুনে জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতার বিষয়ে কোস্টগার্ড সতর্ক রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৬)
