ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’

২০২৬ আগস্ট ২৪ ১৩:৫৯:০২
মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’

বিনোদন ডেস্ক : কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা, পারিবারিক সচেতনতা ও অভিভাবক-সন্তানের সম্পর্কের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেনের নির্মাণে পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ঘরানার এই ওয়েব ফিল্ম আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘শব্দহীন যন্ত্রণা’ ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি। কিশোর ও শিশু চরিত্রে দেখা যাবে সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশাকে।

‘শব্দহীন যন্ত্রণা’ শুধু একটি পারিবারিক গল্প নয়; বরং কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে, সেই বাস্তবতাই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র কিশোরী মায়া। তার গর্ভাবস্থাকে ঘিরে গল্প এগিয়ে যায়। এতে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, যথাসময়ে চিকিৎসাসেবা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং এ ক্ষেত্রে অভিভাবকের দায়িত্বের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষা এবং কিশোর-কিশোরীদের সঙ্গে পরিবারের খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

ডা. তৃণা ইসলাম চিকিৎসক ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তার লেখা গল্পে কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার সময়ে পরিবারের ভূমিকা, তাদের মানসিক অবস্থাকে বোঝা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্মাতা মো. আক্তার হোসেন বলেন, “শব্দহীন যন্ত্রণা’ দর্শকের আবেগকে স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তানের সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা এবং সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে—এমনটাই প্রত্যাশা।”

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)