ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

২০২৬ আগস্ট ২৪ ১৫:৫০:২৫
ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদির সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেওয়া হয়নি।

এ অবস্থায় মোদি সরকার তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই বৈঠকে পরবর্তী কর্মসূচি কী হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এ কারণে দেশজুড়ে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। এরপর ‘কেন্দ্রীয় সরকারের আচরণে গভীর উদ্বেগ’ প্রকাশ করে নতুন করে এই ঘোষণা দিল সিজেপি।

সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির তাৎক্ষণিক কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে হওয়া একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।

সিজেপি জানিয়েছে, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। যাতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে।

তবে আদালতের বারবার অনুরোধের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।

দলটির দাবি, আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব এফআইআর পুরোপুরি প্রত্যাহার বা বাতিল করা, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি নথিবদ্ধ করতে সরকারের প্রতিনিধিরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। তবে সেই সদিচ্যাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য সরকারকে সতর্ক করেছে দলটি। তাদের ভাষ্য, শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার প্রতিশ্রুতি দিয়ে পরে রাজপথ ফাঁকা হয়ে গেলে সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে একটি পুরো প্রজন্মকে অপমান করার সুযোগ মোদি সরকারকে দেওয়া হবে না।

তথ্যসূত্র : এনডিটিভি

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)