প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
২০২৬ আগস্ট ২৪ ১৭:৪৮:১৬
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় পঁচা ও ভাঙা ডিম দিয়ে কেক এবং নোংরা পরিবেশে বিস্কুট তৈরির অপরাধে মি. কেক নামের একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কেক তৈরির জন্য রাখা ৮৭০টি পঁচা ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
বগুড়া শহরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় গতকাল রবিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান এবং কাজিম রেজা চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও সাপোর্ট স্টাফবৃন্দ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
জানা যায়, কারখানায় অভিযান পরিচালনার সময় পঁচা ও ভাঙা ডিম দিয়ে শিশুদের জন্মদিনের কেক তৈরি হচ্ছিল। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কেক ও বিস্কুট প্রস্তুত এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে দেখা যায়নি। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল জানান, শিশুখাদ্য তৈরিতে পঁচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কারখানাটিকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পঁচা ডিম ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।
(এটিআর/এসপি/আগস্ট ২৪, ২০২৬)
