ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

২০২৬ আগস্ট ২৪ ১৮:৪৮:২১
খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

গোপলগঞ্জ প্রতিনিধি : খুলনার লবণচরার থানার হরিনটানা এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই যুবককে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি দক্ষিণপাড়া এলাকার রেজাউল মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলনার র‍্যাব-৬ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

এতথ্য নিশ্চিত করেছেন খুলনার র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনার লবনচরা এলাকার নজরুল মোল্লার ছেলে মো. ফারুক (২১) ও আবু হোসেন বাবুর ছেলে মাসুদুল ইসলাম কদর (১৮)।

মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা থানার হরিনটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে মঞ্জুরুল ইসলাম (২৩) ও নাজমুল (১৮) নামের দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এজাহারনামীয় আসামি ফারুক ও কদরকে টুঙ্গিপাড়ার বর্নি দক্ষিনপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই যুবক হত্যা মামলার আসামি ফারুকের ফুফা রেজাউল মুন্সীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে এসেছিলো। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে হরিনটানা থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট সন্ধায় খুলনার লবনচরা থানার হরিনটানা আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হন। পরে ওই দিন রাত পৌনে ১০ টার দিকে নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়। এঘটনায় খুলনার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে। এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ জেলার মাঝিগাতী বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে র‍্যাব।

(টিবি/এসপি/আগস্ট ২৪, ২০২৬)