প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
২০২৬ আগস্ট ২৫ ১৭:৫৫:৫৫মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার উপজেলার বেজগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে বালু ভরাটে ব্যবহৃত অবৈধ ড্রেজারের প্রায় ৩ কিলোমিটার পাইপ ধ্বংস এবং ব্যবহৃত ড্রেজার/পাম্প মেশিন বিকল করে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেজগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃধা বাড়ি সংলগ্ন নদীর পাড় থেকে শুরু করে ভোলার বাড়ি বাজার ইটের রাস্তা পর্যন্ত অবৈধভাবে পাইপ স্থাপন করে বালু ভরাট কার্যক্রম পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে উপস্থিত হয়ে ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে স্থাপিত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পাইপ ধ্বংস করে এবং বালু তোলার পাম্প ও মেশিন অকেজো করে দেয়। এ সময় তাৎক্ষণিকভাবে সব ধরনের বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করা হয়।
আদালতটির নির্বাহী ম্যাজেস্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান জানান, নদী ও পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এমকে/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
