প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
২০২৬ আগস্ট ২৫ ১৮:২৮:১৬
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে একটি ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২:টায় উপজেলার মহিলা কলেজের সামনে অবস্থিত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় অধিদপ্তরের অভিযানকারী দল। পরে প্রতিষ্ঠানের মালিক খায়রুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম বিক্রির পাশাপাশি উৎপাদন ও সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আইসক্রিম বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঠিকানা নিয়েও অসঙ্গতি পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে এ ধরনের কার্যক্রম চলছিল। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ।
(বিএস/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
