ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ

২০২৬ আগস্ট ২৫ ১৮:৫৬:১৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ফরিদপুরে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মাঝে মোট ২ কোটি ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে ৬১টি চেকের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের আঘাতের ধরন ও চিকিৎসাব্যয় বিবেচনায় ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। চেক গ্রহণ করার সময় নিহত ও আহতদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মানবিক এই সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী এবং বিভিন্ন স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিআরটিএর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্ঘটনাকবলিত সহায় সম্বলহীন পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে এই আর্থিক সহায়তা বড় ধরনের ভরসা জোগাবে।

বিআরটিএ ফরিদপুর সার্কেলের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সরকারের এই আর্থিক সহায়তার ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/আগস্ট ২৫, ২০২৬)