প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
২০২৬ আগস্ট ২৬ ১২:১৯:৪১
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের বাইরে একটি অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে পুলিশ কর্মকর্তারা এগিয়ে যাচ্ছেন, যেখানে আগুন লেগেছিল।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (পিমস) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জিও নিউজ জানায়, অগ্নিকাণ্ডের সময় পিপস হাসপাতালের ওই ইউনিটটিতে ১৬ জন নবজাতক ছিল।
তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংবাদমাধ্যমটি কর্মকর্তাদের সূত্রে আরও জানায়, সকাল পৌনে সাতটায় শিশু ইউনিটটির একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের তৃতীয় তলায় লাগা এই আগুনে ১৫ শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ও ৪টি অ্যাম্বুলেন্স অংশ নেয়।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা দুর্ঘটনাস্থলে ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/আগস্ট ২৬, ২০২৬)
